ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, চাঁদাবাজি বা বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ও বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি জানান, এবারের ঈদযাত্রা আগের তুলনায় স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা সার্বক্ষণিক তৎপর থাকবে।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথে টোলের নামে অবৈধ অর্থ আদায় বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। এরপরও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌপথে পণ্য খালাসে বিলম্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীদূষণ রোধ ও দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
সিএ/এমআর


