নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় সুইট নেশন নামের এক মিষ্টান্ন ও বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ পাঁচটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তিনি জানান, ‘মনিটরিংয়ের অংশ হিসেবে সুইট নেশন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অন্যান্য পণ্য রাখা, নিষিদ্ধ রঙের উপস্থিতি সহ মোট পাঁচটি অনিয়ম পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’
সিএ/এএ


