বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলে (কর্ণফুলী টানেল) রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন রাতে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত টানেলে যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে। রক্ষণাবেক্ষণ চলাকালীন প্রয়োজনে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ বা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ যেকোনো একটি টিউব সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তবে বিকল্প টিউব ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। ট্রাফিকের চাপের ওপর ভিত্তি করে টানেলের প্রবেশমুখে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানেলের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, কাজ চলাকালীন যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং দ্রুত ও নিরাপদ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা এই সময়ে টানেল ব্যবহার করার পরিকল্পনা করছেন, তারা কিছু অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বিকল্প রুট হিসেবে শাহ আমানত সেতু (তৃতীয় কর্ণফুলী সেতু) ব্যবহার করা যেতে পারে।
সিএ/এএ


