নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলভর্তি একটি ট্রাক লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া তেলের ড্রামসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার দুজন হলেন—মো. সেকান্দার (৪০), তিনি কিশোরগঞ্জ জেলার শামসুদ্দিনের ছেলে। বর্তমানে রূপসী বাগবাড়ী এলাকায় স্বপ্না আক্তারের বাসায় ভাড়া থাকেন। অপরজন রন চন্দ্র শীল (৩০), তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে এবং পেশায় একজন ড্রাইভার।
পুলিশ জানায়, বানিয়াদী এলাকার এলায়েট মিলস সংলগ্ন সড়কে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে একটি তেলভর্তি ট্রাকের গতিরোধ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযানের সময় দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি খেলনা ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দলের সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের জন্য খেলনা ওয়াকি-টকিটি ব্যবহার করা হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সিএ/এএ


