নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সূচনা হলেও শনিবার (২১ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত হুমকি-ধমকি ও ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার শফিক মিয়া, আলী উসমান ফকিরসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা মিজানুর রহমানের মালিকানাধীন জমিতে প্রবেশ করে বাঁশ কাটার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাধা দিতে গেলে মিজানুর রহমানের ছোট ভাই মাসুম বিল্লাহকে (২১) এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে ধারালো কাচি দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা ছফুরা আক্তারকেও মারধর করা হয় বলে পরিবারের দাবি।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মাসুম বিল্লাহকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে বারহাট্টা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। মাসুম বিল্লাহ নিজেই ঘটনা সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, এলাকায় শফিক ও আলী উসমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তিনি বলেন, শুনেছি মাসুম বিল্লাহকে তারা মারধর করেছে।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিএ/এএ


