প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। কার্যালয়ে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অতিরিক্ত প্রেস সচিব।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেওয়ায় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দাফতরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএ/এমআর


