নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র কার্যক্রম চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৈঠকে বাংলাদেশি স্বার্থ, সার্বভৌম সাম্য, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় সম্মান ও মর্যাদা রক্ষা ও পারস্পরিক সুবিধা সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের পররাষ্ট্রনীতির বিশেষ দিকও তুলে ধরা হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জনবান্ধব সেবা প্রদানের মানসিকতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল কর্মকর্তার সঙ্গে মিলিতভাবে আমরা কাজটি এগিয়ে নিয়ে যাব।” তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মেরুদণ্ড শক্ত করে দেশের স্বার্থে কাজ করবে, সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে এবং সমন্বিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত সমস্যা, গঙ্গার পানিচুক্তি ও গাজায় সৈন্য পাঠানোসহ গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করবে। প্রতিমন্ত্রী বলেন, “এই ইস্যুগুলো সমাধানে আমাদের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশের স্বার্থ সর্বোচ্চে রাখতে হবে।”
সিএ/এমই


