মো. মেহেদুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে এবং আবদুর রহমান সানি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে, মেহেদুল ইসলাম গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে আবদুর রহমান সানি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। উভয় নিয়োগ চুক্তিভিত্তিক এবং যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর হবে, যা আগে ঘটে।
নিয়োগে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে উভয় নিয়োগপ্রার্থীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রে নির্ধারিত হবে।
সিএ/এমই


