ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। শুক্রবার রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কায়কোবাদ অভিযোগ করেন, নির্বাচনের দিন বহু কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট শিট জমা দেওয়া হয়েছে। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে সড়কের ওপর তড়িঘড়ি করে ভোট গণনা করা হয়।
তিনি আরও বলেন, ‘ধানের শীষের ব্যালটের ওপর অন্য প্রতীকের ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়েছে। গণনায় গরমিল দেখে স্থানীয় জনতা বাধা দিলে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে।’ এসব অনিয়মের ভিডিও ও দালিলিক প্রমাণ তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, ইতিমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার জন্য লিখিত আবেদন করা হয়েছে। স্বচ্ছতার স্বার্থে প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় যাচাই করার জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনে এই আসনে এনসিপি মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিএ/এমআর


