ফরিদপুরের সালথা উপজেলায় বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং আরও অন্তত ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার দীর্ঘদিন ধরে প্রভাবশালী দুটি পক্ষের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কেন্দ্রবিন্দু। ২০২৪ সালের ৫ আগস্টের আগে বাজারটি নিয়ন্ত্রণ করতেন মান্নান মাতুব্বর। পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ নেন জিহাদ মিয়া ও টুলু মিয়া। নির্বাচনের আগের দিন মান্নান মাতুব্বর এলাকায় ফিরে এসে আবার বাজারের নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে শুক্রবার রাতে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। শনিবার সকালে নটখোলা গ্রামবাসীদের বাজারে আসতে বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।
সিএ/এমআর


