পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সকাল সাড়ে ১০টায় আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’র সামনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শহিদুল ইসলাম ফাহিম বলেন, “পটুয়াখালী-১ আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমি ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত কোনো একক নির্বাচনী কৌশল নয়; বরং এটি পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও রাজনৈতিক ঐক্যের বহিঃপ্রকাশ।” শহিদুল ইসলাম ফাহিমের মতে, এই সমঝোতার ফলে পটুয়াখালী-১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহিদুল ইসলাম ফাহিমকে শুভেচ্ছা জানিয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।
সিএ/এএ


