ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দুপুর ১২টা পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশু সংখ্যা ৮৭-এ পৌঁছেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬৮ শিশু হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সংখ্যা বেড়ে ৭৮-এ দাঁড়ালেও দুপুর ১২টায় তা আরও বেড়ে ৮৭ হয়েছে। গত দুই দিনে নতুন করে কোনো শিশুর মৃত্যু ঘটেনি। ১৭ মার্চ থেকে ৩১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত মোট ১৩১ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসকেরা জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১২২ জনের নমুনা সংগ্রহ করে মহাখালীতে অবস্থিত সরকারি ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়েছে। এ নমুনার মধ্যে ৮৫টির ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মেডিকেল দলের সহকারী রেজিস্ট্রার মো. মাজহারুল আমিন বলেন, ফেব্রুয়ারি মাসে এক থেকে দুজন শিশু ভর্তি হলেও মার্চের মাঝামাঝিতে হামের লক্ষণসহ রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ শিশু হামের র্যাশ, জ্বর, কাশি, চোখ দিয়ে পানি পড়া এবং মুখে ঘা—এই লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের আটতলার কেবিন এলাকায় ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এখানে তিনটি মেডিকেল দল গঠন করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিএ/এমই


