কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে হামলা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি বি কে আজম স্থানীয় একটি ইটভাটার মালিক। তাকে তেমুহনী এলাকা থেকে আটক করা হয়। ঘটনার সময় তিনি একটি প্রাইভেট কার নিয়ে ফিলিং স্টেশনে গিয়ে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জ্বালানি দাবি করেন।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সংকটের কারণে নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু অতিরিক্ত তেল না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মারধর শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি থেকে লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের ভয়ভীতি দেখান এবং তাণ্ডব চালান। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি নজরে এনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই সঙ্গে তার ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিএ/এমআর


