বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই সিরিজ উন্মোচনের পর ২ মার্চ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রি-অর্ডার শুরু হয়েছে। এই প্রি-অর্ডার কার্যক্রম চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।
প্রি-অর্ডার নিশ্চিত করা গ্রাহকেরা নির্ধারিত সময়ের আগেই ডিভাইস হাতে পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার সম্পন্ন করবেন, তারা আনুষ্ঠানিক বিক্রি শুরু হওয়ার আগেই ৯ মার্চ থেকে ফোনটি সংগ্রহ করতে পারবেন। আর দেশের বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ থেকে, যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
গ্যালাক্সি এস২৬ সিরিজে থাকছে তিনটি মডেল—গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং গ্যালাক্সি এস২৬। এই তিনটি মডেলের প্রতিটিতেই রয়েছে উন্নত হার্ডওয়্যার ও প্রিমিয়াম ফিচার, যা উচ্চমানের স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
এর মধ্যে গ্যালাক্সি এস২৬ আলট্রা মডেলটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।
অন্যদিকে গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ মডেলের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্রাহকদের জন্য এই সিরিজে বেশ কিছু আর্থিক সুবিধাও ঘোষণা করেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ আলট্রা ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকেরা মেমোরি আপগ্রেড অথবা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা পাবেন। কিস্তিতে কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার সুযোগ রয়েছে।
গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা এবং ইএমআই ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৬ মডেলে তাৎক্ষণিকভাবে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইএমআই ব্যবস্থায় সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে।
এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে সব মডেলের ক্ষেত্রেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাং দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে অংশীদারত্ব করেছে।
এর মধ্যে সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।
সিএ/এমআর


