খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে ট্যাংক-লরি স্থির রয়েছে এবং ফিলিং স্টেশনগুলোতে তেলের ঘাটতি দেখা দিচ্ছে।
পাম্প মালিকরা জানিয়েছেন, কয়েক দিন ধরে প্রতিটি পাম্পের চাহিদার তুলনায় অর্ধেকের কম তেল দেওয়া হচ্ছে। এতে প্রতিবাদ জানিয়ে তারা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মুরাদ হোসেন বলেন, “যেখানে ১০ হাজার লিটার তেলের চাহিদা আছে, সেখানে মাত্র দুই হাজার লিটার তেল দেওয়া হচ্ছে। কখনো পেট্রল পেলে অকটেন নেই, কখনো অকটেন পেলে ডিজেল নেই। অনেক এলাকায় পাম্প না থাকায় ব্যারেল ও এজেন্টদের মাধ্যমে তেল সরবরাহ করা হয়, কিন্তু সেখানেও সরবরাহ কম হচ্ছে।”
তিনি আরও জানান, পর্যাপ্ত তেল না থাকায় পাম্প মালিক ও কর্মচারী এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সমিতি জানাচ্ছে, চাহিদার মাত্র ২০ শতাংশ তেল পেলে পাম্প চালানো সম্ভব নয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে তেল উত্তোলন আবার শুরু করা হবে। তবে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
সিএ/এমই


