সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতের নাগরিক বলে জানানো হয়েছে।
এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, সৌদি আরবের আল-খারজ এলাকায় একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, আইআরজিসি যে স্থানে হামলার কথা জানিয়েছে, সেখানেই হতাহতের ঘটনাটি ঘটেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
সিএ/এসএ


