আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ মার্চ দিবসটি উদযাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিআরপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।
চলতি বছরের দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি, প্রচার কার্যক্রম ও শিক্ষামূলক উদ্যোগে এটি তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা ও আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশব্যাপী কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সিএ/এসএ


