চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের যৌথ শীতকালীন এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৬ শুরু হয়েছে। ১২ দিনব্যাপী এই কর্মসূচিতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিবাসন, বাস্তুচ্যুতি, শ্রম গতিশীলতা ও জলবায়ু সহনশীলতার মতো সমসাময়িক ও জটিল বৈশ্বিক বিষয় নিয়ে যৌথভাবে আলোচনা ও গবেষণায় অংশ নেবেন।
রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে অবস্থিত এইউডব্লিউর মাশা আমিনি ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রোগ্রামের অংশ হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র এইউডব্লিউতে এসেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন দুজন অধ্যাপক। পাল্টাভাবে আগামী জুলাই মাসে এইউডব্লিউর ১৫ জন ছাত্রী টোকিও বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের জন্য যাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরি ইয়োশোহিহারা ও শো শিমোয়ামাদা, এইউডব্লিউর সহকারী অধ্যাপক অয়ন সাহা এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক তপু চৌধুরী শিক্ষার্থীদের সামনে কর্মসূচির উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেনও উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে অংশ নেবেন।
বক্তারা জানান, পাঁচ বছর ধরে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু রয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণাভিত্তিক পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ তৈরি হয়েছে।
এইউডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব—এই দুই প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি ‘লিভিং ল্যাবরেটরি’ হিসেবে দেখা হবে। শ্রেণিকক্ষভিত্তিক আলোচনার পাশাপাশি সরেজমিন অভিজ্ঞতার সুযোগও থাকবে। রোহিঙ্গা শিবিরে নারী ও অবকাঠামোগত সংকট, মানব অভিবাসনের ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুতি এবং শরণার্থী পরিস্থিতি নিয়ে দেশি-বিদেশি গবেষক ও নীতিনির্ধারণী বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প এলাকা, চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা প্যাসিফিক জিনস, উন্নয়ন সংস্থা ঘাসফুল এবং ফটিকছড়ির নেপচুন চা বাগান পরিদর্শন করবেন। এসব ভ্রমণের মাধ্যমে অভ্যন্তরীণ শ্রম অভিবাসন, ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ ও গ্রামীণ জীবিকার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেওয়া হবে।
ফাস্ট রিটেইলিং ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির যৌথ আয়োজক এইউডব্লিউ ও টোকিও বিশ্ববিদ্যালয়। গত বছর গ্রীষ্মকালীন অধিবেশন টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। এবার শীতকালীন আয়োজন বসেছে চট্টগ্রামে।
সিএ/এমই


