বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইসলামি শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও ব্রুনেইয়ের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামি সংগঠনগুলোর সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ইসলামি শিক্ষা, নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।
সিএ/এমআর


