রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধে এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) স্থানীয় ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তাঁর বাড়ি সিপাইপাড়া গ্রামে। স্থানীয়ভাবে তিনি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর একটি মাহফিল আয়োজন নিয়ে মসজিদে বৈঠকে বসেন এলাকাবাসী। সেখানে এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অন্য পক্ষ, যার মধ্যে এরশাদ আলীও ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং বৈঠক ভেঙে যায়।
এর আগে একই ইস্যুতে প্রায় আড়াই মাস আগে বিরোধ দেখা দিলে মাহফিল আয়োজন স্থগিত করা হয়। তখন সংঘর্ষে চারজন আহত হন এবং এ ঘটনায় একটি মামলাও হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তাঁর পথরোধ করেন। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।
এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জ্বলের বক্তব্য পাওয়া যায়নি।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের ময়নাতদন্ত হবে।’
রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’
সিএ/এমই


