জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি (২২) হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নিজাম উদ্দিন আহাম্মেদ গত ১৬ ফেব্রুয়ারি আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদন অনুযায়ী আজকের দিন গ্রেপ্তারের জন্য নির্ধারণ করেন।
আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে আসামি আনিসুল হক ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তিনিসহ মামলার অন্যান্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি দমনের জন্য নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হলে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার কবি নজরুল কলেজের সামনের সড়কে এলেম আল ফায়দি নিহত হন।
প্রাথমিক তদন্তে আনিসুল হকের সম্পৃক্ততা পাওয়ায় আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা মনে করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন আনিসুল হক। সেই সময় থেকে তিনি এখনও কারাগারে রয়েছেন।
সিএ/এমই


