ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে প্রথম আলোকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
পদত্যাগপত্রে সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণকে পদত্যাগের যুক্তি হিসেবে উল্লেখ করেছেন। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এই মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এর আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে সাজ্জাত আলী পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের ঘটনায় ঢাকা পুলিশের বিভিন্ন কর্মকর্তার মধ্যে জল্পনা চলছে।
গতকাল মঙ্গলবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলী হোসেন ফকিরকে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে আইজিপি হয়েছেন। আজ সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পূর্ববর্তী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
সিএ/এমই


