জয়পুরহাটের কালাইয়ে এক কৃষকের খেত থেকে জোরপূর্বক শর্ষে কেটে নেওয়ার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ওরফে ফিদাকে বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। পরে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ রাতে নিজের ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ মঙ্গলবার সকালে বলেন, দল থেকে আনোয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। এ ক্ষেত্রে দল ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই পৌরশহরের পাঁচশিরা বাজার এলাকার কৃষক মোমিন ইসলামের খেত থেকে জোর করে শর্ষে কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কৃষক। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হবে।
সিএ/এমই


