বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক এস এম শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, একটি মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছিল। এদিন তিনি স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন গ্রহণ করেন।
তালুকদার মোহাম্মদ ইউনুসের আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কাউসার জানান, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। তবে ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি।
মামলার বিবরণে জানা গেছে, নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার সরোয়ার হোসেন ২০১৭ সালে মারধরের শিকার হন। ওই ঘটনায় তিনি ২০২৫ সালে একটি মামলা দায়ের করেন। মামলায় তালুকদার মোহাম্মদ ইউনুসকে তার ওপর হামলার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়। সেই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
সিএ/এএ


