শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সংকট এবং বৈশ্বিক বাজারের ওঠানামার প্রেক্ষিতে পুনঃতফসিল সুবিধা গ্রহণের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, এর আগে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২৭ (৭ জুলাই ২০২২) এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-২১ (১৩ অক্টোবর ২০২৫)–এর ভিত্তিতে কাঁচাপাট রফতানিকারকদের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলিকরণের সুযোগ দেওয়া হয়েছিল। ওই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বিদ্যমান ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩১ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে আবেদন করার সময়সীমা নির্ধারিত ছিল।
তবে কাঁচাপাট রফতানিতে সাম্প্রতিক জটিলতা, বৈশ্বিক বাজারে চাহিদার অনিশ্চয়তা, মূল্য ওঠানামা এবং লজিস্টিক সমস্যা অনেক রফতানিকারককে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট ও অন্যান্য শর্ত পূরণে বাধাগ্রস্ত করেছে। এতে তারা পুনঃতফসিল সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েন।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কাঁচাপাট রফতানিকারকরা এখন ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের কাছে পুনঃতফসিলের আবেদন করতে পারবেন।
সিএ/এসএ


