ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং পরে মাটিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার সকালে। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয় বলে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং এতে আর কোনো আরোহী ছিলেন না।
ইরানের বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যাকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষ সংগ্রহ করে তদন্তের জন্য সংরক্ষণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ইরানে সামরিক প্রশিক্ষণ চলাকালে মাঝেমধ্যে এ ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটলেও প্রতিবারই বিস্তারিত তদন্ত করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সিএ/এসএ


