বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা দেওয়া হয়নি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী সংস্থা তা উপস্থাপন করতে না পারায় আবারও সময় বাড়ানো হয়েছে। এ নিয়ে ৯৩ বারের মতো তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল।
মামলাটির তদন্তভার রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ওপর। নির্ধারিত তারিখে প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন করে আগামী ৯ এপ্রিল তারিখ ধার্য করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রতারণার আশ্রয় নিয়ে সুইফট পেমেন্ট–পদ্ধতি থেকে বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এই অর্থ সরিয়ে নেয়। ঘটনাটি দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা জন্ম দেয়।
সিএ/এমই


