মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা) প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হতেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ আফরোজা খানমকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডেকেছে। মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই খবরের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। পেশায় তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রীও ছিলেন।
রাজনীতিতে প্রবেশ করেন বাবার হাত ধরেই। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এরপর জেলা ও ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের সঙ্গে অংশ নেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
আফরোজা খানমের মন্ত্রীসভায় ডাক পাওয়ায় জেলা বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উচ্ছ্বসিত। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, ‘আফরোজা খানম রিতা মন্ত্রী হতে যাচ্ছেন, এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নয়, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত। মন্ত্রী হলে জেলার উন্নয়নসহ দেশের নানা ক্ষেত্রে আরও ভূমিকা রাখার সুযোগ পাবেন। ঢাকার কাছের জেলা হলেও বিগত সময়ে মানিকগঞ্জে যথেষ্ট উন্নয়ন হয়নি। আফরোজা খানম রিতা মন্ত্রী হলে এ অবস্থা বদলে যাবে।’
সিএ/এমই


