বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থার মতে, এই সময়ের মধ্যে প্রথম তিন দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, তবে পরের দুই দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিশেষ করে শনি ও রবিবার ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা সংক্রান্ত তথ্য অনুযায়ী, আগামী তিন দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সামান্য বৃদ্ধি পেতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পাঁচ দিনের এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
সিএ/এমই


