ত্বকের যত্নে নানা ধরনের তেল ব্যবহার করা হলেও অলিভ অয়েল দীর্ঘদিন ধরেই পরিচিত একটি প্রাকৃতিক উপাদান। অনেকেই নারকেল বা সরিষার তেল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় ত্বকের যত্নে অলিভ অয়েলের ওপর ভরসা রাখছেন। সঠিক নিয়মে ব্যবহার করলে এই তেল ত্বককে রাখতে পারে উজ্জ্বল ও মসৃণ।
অলিভ অয়েল ক্লিনজার হিসেবেও কার্যকর ভূমিকা রাখে। মুখে মেকআপ থাকলে অল্প তেল নিয়ে হালকা মালিশ করলে মেকআপ ও ময়লা সহজেই উঠে আসে। একইভাবে সারা গায়ে অলিভ অয়েল মালিশ করে গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিলে ত্বক পরিষ্কার ও সতেজ হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্থিতিস্থাপকতা কমে গিয়ে বলিরেখা দেখা দেয়। এ ক্ষেত্রে অলিভ অয়েল বিশেষভাবে উপকারী। হালকা গরম করা অলিভ অয়েল ফেসওয়াশের পর মুখে ম্যাসাজ করলে ত্বক টানটান রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে বার্ধক্যের ছাপ কমে আসতে পারে।
রোদের কারণে ত্বকে কালচে ছোপ পড়লে অলিভ অয়েলের সঙ্গে কাঁচা হলুদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেসন ও গোলাপজলের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা ফিরে আসে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে অলিভ অয়েল ও মধুর মিশ্রণ ত্বককে নরম ও মসৃণ করে তুলতে সহায়ক।
সিএ/এমআর


