জাতীয় মাছ ইলিশ সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে মেঘনা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল নির্মূলে চাঁদপুরের হাইমচরে এক বিশাল জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের মাঝির বাজার আড়ত সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মেঘনা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা নিধন রোধে মৎস্যজীবীদের আইন মেনে চলতে হবে। যারা আইন অমান্য করে ক্ষতিকর বেহুন্দি জাল বা চাই ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর।জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ), চাঁদপুর অঞ্চল।মেজর সৈয়দ কামরুল হাসান, পিএসসি, উপ-অধিনায়ক, ২১ বীর। আবু তাহের, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর। অমিত রায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হাইমচর।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এ.বি.এম. আশরাফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ।
সভায় বক্তারা জেলেদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বদ্ধপরিকর। তবে দেশের সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল বর্জন করা অপরিহার্য। বিশেষ করে বেহুন্দি জাল যেভাবে মাছের লার্ভি ও পোনা ধ্বংস করছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে মৎস্য সংকটের ঝুঁকি রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ ইজাজ মাহমুদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কয়েক শতাধিক স্থানীয় মৎস্যজীবী।
সভা শেষে মৎস্য সম্পদ রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণা শেষে মেঘনা নদীর উপকূলীয় এলাকায় মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ তদারকির নির্দেশনা দেওয়া হয়।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর প্রতিনিধি
সিএ/জেএইচ


