যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হওয়ার পথ সুগম হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বুধবার জানানো হয়, পরিস্থিতি স্থিতিশীল হওয়া এবং স্বাভাবিকতা ফিরে আসার পরিপ্রেক্ষিতে দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বেসামরিক সব ধরনের ফ্লাইট উড্ডয়ন, অবতরণ এবং ট্রানজিট হিসেবে ইরাকের আকাশপথ ব্যবহার করতে পারবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান চলাচল কার্যক্রম বিদ্যমান আন্তর্জাতিক বিধি ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার কারণে ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়।
যুদ্ধবিরতির পর এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আকাশপথ খুলে দেওয়ার মাধ্যমে আঞ্চলিক বিমান চলাচল পুনরায় সক্রিয় হচ্ছে।
সিএ/এএ


