মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ সংক্রান্ত কিছু ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে।
প্রকাশিত ছবিগুলোতে একটি যুদ্ধবিমানের ছোট ছোট অংশ দেখা গেছে। ইরানের দাবি, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির মধ্যাঞ্চলে এই এফ-৩৫ জেটটি ভূপাতিত করেছে। এ সংক্রান্ত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তির এই স্টেলথ যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।
তবে প্রকাশিত ছবিগুলোর বিশ্লেষণে ভিন্ন ইঙ্গিত মিলছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ছবিতে দেখা ধ্বংসাবশেষের গঠন ও চিহ্ন দেখে এটি যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের অংশ বলে মনে হচ্ছে। একটি অংশে ‘ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ’-এর লোগোর আংশিক উপস্থিতিও দেখা গেছে, যা সাধারণত এফ-১৫ জেটের লেজের অংশে ব্যবহৃত হয়।
প্রেস টিভিসহ ইরানের একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম এই ছবিগুলো প্রচার করেছে। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় তৈরি হয়েছে। গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন সিএনএনকে বলেন, কাঠামো দেখে মনে হচ্ছে এটি এফ-১৫ জেট।
ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
সিএ/এএ


