ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা শহরের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র। শুক্রবার (৬ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
আল-জাজিরাকে দেওয়া তথ্যে নিরাপত্তা সূত্র জানায়, একটি ড্রোন বসরা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হানে। তবে ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছে বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। হামলায় কোনো হতাহত হয়েছে কি না কিংবা বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়েও এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ড্রোন হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাব বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
সিএ/এএ


