মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা নয়, বরং ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই একমাত্র সমাধান।
শুক্রবার (৬ মার্চ) দেওয়া ওই পোস্টে ট্রাম্প ইরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে বলেন, দেশটিতে এমন একটি নতুন নেতৃত্ব প্রয়োজন, যাকে তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন। তার মতে, বর্তমান নেতৃত্ব সরে গেলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সহায়তা করতে পারে।
ট্রাম্প একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী, পুলিশ ও বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সদস্যদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, তারা যদি আত্মসমর্পণ করে, তাহলে তাদের ‘পূর্ণ নিরাপত্তা বা দায়মুক্তি’ দেওয়া হতে পারে। অন্যথায় তাদের জন্য ‘নিশ্চিত মৃত্যু’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এমন কঠোর অবস্থান আঞ্চলিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: আল-জাজিরা
সিএ/এএ


