মার্কিন বিমান বাহিনীর সাবেক পাইলট জেরাল্ড এডি ব্রাউন জুনিয়রকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি অনুমোদন ছাড়া চীনের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন। মার্কিন বিচার বিভাগ ও বার্তা সংস্থা এএফপির তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর এবং তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে আটক রয়েছেন।
প্রতিবেদন বলছে, ব্রাউনের কল সাইন ছিল ‘রানার’। তিনি সম্প্রতি চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে তিনি চীনে যান এবং মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন ছাড়া চীনের পাইলটদের সামরিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দেন।
এফবিআই পরিচালক ক্যাশ পাটেল এক্স-এ জানান, সংস্থা ও তাদের অংশীদাররা সাবেক এই মার্কিন পাইলটকে গ্রেফতার করেছে। তিনি ২৪ বছর মার্কিন বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমান এবং বিভিন্ন সামরিক অভিযানের নেতৃত্বে ছিলেন। এছাড়া যুদ্ধবিমানের প্রশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে অবসর নেওয়ার পর ব্রাউন মালামাল পরিবহনকারী বিমানের পাইলট হিসেবে কাজ করেন। পরে চুক্তিভিত্তিকভাবে এ-১০ ও এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের আগস্টে চীনা নাগরিক স্টিফেন সু বিনের সঙ্গে একটি চুক্তি নিয়ে তিনি আলোচনা শুরু করেন। সু বিন ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির মামলায় যুক্তরাষ্ট্রে চার বছর কারাভোগ করেছিলেন। ডিসেম্বরে ব্রাউন চীনে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন।
এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা রোমান রোঝাভস্কি জানিয়েছেন, চীন তাদের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের অভিজ্ঞতা ব্যবহার করতে চাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সঙ্গে কাজ করা যেকোনো ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এএফপি
সিএ/এসএ


