মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইউরোপের অভিবাসন ও ইউক্রেন ইস্যুতে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইউরোপীয় সভ্যতা ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে—যা তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলেও তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) পলিটিকোতে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বেশির ভাগ ইউরোপীয় দেশ পচে যাচ্ছে।’ ইউরোপের অভিবাসননীতিকে তিনি ‘একটি বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিকভাবে সঠিক থাকার প্রতিযোগিতাই ইউরোপকে দুর্বল করে দিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপের নেতাদের মধ্যে ‘কয়েকজন সত্যিকারের বোকাও আছে’। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে চলে যেতে পারে—এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগও তিনি সমালোচনা করেন।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি সংক্রান্ত জুন মাসের শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে।’ তার দাবি—জোটের নেতারা তার চাপেই প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছেন।
এ বছর জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর ইউরোপীয় নেতারা ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তবে সাম্প্রতিক নিরাপত্তা কৌশল ও অভিবাসন-সংক্রান্ত মন্তব্য ইউরোপজুড়ে আরও উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএ/এএ


