পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি তার মেয়ের জামাই এবং জাতীয় দলের পেসার শাহীন শাহ আফ্রিদির বোলিং নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেছেন। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীনের পারফরম্যান্সের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আফ্রিদি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলার পরও গুরুত্বপূর্ণ মুহূর্তে কীভাবে বল করতে হয়, তা এখনও পুরোপুরি রপ্ত করতে পারেননি শাহীন। বিশেষ করে ম্যাচের শেষ ওভারে বোলিং পরিকল্পনা বাস্তবায়নে তার ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, ‘শাহীন অনেক দিন ধরে খেলছে, কিন্তু এখনো শেষ ওভারে কোথায় বল করতে হবে সেটা ঠিকভাবে বোঝে না। আমি তাকে বহুবার এ বিষয়ে বলেছি।’
শাহীনের বোলিং কৌশল নিয়ে নির্দিষ্ট দিকও তুলে ধরেন আফ্রিদি। তার মতে, ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করার সময় সঠিক লাইন ও অ্যাঙ্গেল বজায় রাখা জরুরি। কিন্তু শাহিন প্রায়ই সেই মৌলিক বিষয়গুলোতে ভুল করে বসেন। আফ্রিদি বলেন, ‘ডানহাতি ব্যাটসম্যান থাকলে রাউন্ড দ্য উইকেট থেকে বল করা উচিত নয়। আর যদি করতেই হয়, তাহলে স্টাম্পের অনেক বাইরে থেকে করতে হবে। কিন্তু সে বারবার একই ভুল করছে।’
এ সময় বর্তমান পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিকতাও নিয়ে হতাশা প্রকাশ করেন আফ্রিদি। তার মতে, অনেক খেলোয়াড় শেখার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না এবং দলীয় দায়িত্ববোধও আগের মতো নেই। তিনি বলেন, ‘অনেকে শেখার চেষ্টা করছে না। মনে হয় তারা ভাবছে এক-দুজন খেলোয়াড়ই ম্যাচ জিতাবে। এভাবে চললে আমরা বিশ্ব ক্রিকেটে আরও পিছিয়ে পড়ব।’
সিএ/এএ


