দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক প্রযুক্তিপণ্য বাজারজাত করা হয়। বিস্পোক সিরিজের এই রেফ্রিজারেটর আধুনিক অন্দরসজ্জা ও স্মার্ট লিভিং ধারণার সমন্বয়ে তৈরি।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, বর্তমানে গ্রাহকেরা শুধু গুণগত মান নয়, বরং আধুনিক সুবিধা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন। এই চাহিদাকে সামনে রেখেই আরএফ৫৯ রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে।
নতুন এই ফ্রিজের অন্যতম বৈশিষ্ট্য হলো এআইভিত্তিক শক্তি সাশ্রয় প্রযুক্তি, যা ব্যবহারকারীর ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম। ব্যবহারকারীরা দূরে থাকলেও মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্রিজ নিয়ন্ত্রণ করতে পারবেন। দরজা খোলা থাকলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে তাৎক্ষণিক সতর্কবার্তাও পাওয়া যাবে।
৬৪৯ লিটার ধারণক্ষমতার এই ফ্রিজে পাতলা কিন্তু মজবুত দেয়াল ব্যবহারের ফলে ভেতরে পর্যাপ্ত জায়গা পাওয়া যায়, তবে এটি অতিরিক্ত জায়গা দখল করে না। সাধারণ ফ্রিজের তুলনায় এটি প্রায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে পারে। পাওয়ার কুল ও পাওয়ার ফ্রিজ ফিচার দ্রুত বরফ তৈরি ও পানীয় ঠান্ডা করতে সহায়ক।
র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান জানান, গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও সহজ কিস্তি সুবিধা রাখা হয়েছে। রেফ্রিজারেটরটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯ হাজার টাকা।
সিএ/এমআর


