কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ নিজেদের কর্মী সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কৌশল অনুযায়ী, প্রযুক্তি উন্নয়ন ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ওপেনএআইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ সংখ্যা বাড়িয়ে প্রায় ৮ হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়োগের বড় অংশই প্রডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও সেলস বিভাগে দেওয়া হবে বলে জানা গেছে।
সম্প্রতি বড় অঙ্কের বিনিয়োগ সংগ্রহের পর প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। প্রায় ১১ হাজার কোটি ডলারের তহবিল সংগ্রহের পর ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৮৪ হাজার কোটি ডলার। এই অর্থায়ন ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবন ও জনবল বৃদ্ধির পরিকল্পনাকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।
সিএ/এমআর


