মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর কাছাকাছি আসতে যাওয়া একটি গ্রহাণুতে ল্যান্ডার অবতরণ করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা এক্সল্যাবস। এই লক্ষ্য বাস্তবায়নে তারা ‘অ্যাপোফিস-এক্সএল’ নামের একটি মহাকাশযান তৈরি করছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের এপ্রিলে গ্রহাণু অ্যাপোফিস পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করার সময় মহাকাশযানটি থেকে দুটি ল্যান্ডার গ্রহাণুটির পৃষ্ঠে অবতরণ করবে। এ মহাকাশযানটি ১০টির বেশি ক্ষুদ্র মহাকাশযান এবং দুটি ল্যান্ডার বহনে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রহাণুর গঠন, উপাদান ও ভর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে আবিষ্কৃত অ্যাপোফিস গ্রহাণুটির প্রস্থ প্রায় ৩৪০ মিটার, যা একটি উঁচু ভবনের সমান। ছোট আকৃতির ল্যান্ডারগুলো গ্রহাণুর পৃষ্ঠে অবতরণের সময় ও পরবর্তীতে ছবি ও বিভিন্ন তথ্য পাঠাবে। এ বিষয়ে এক্সল্যাবসের প্রধান বিজ্ঞানী মিগুয়েল পাসকুয়াল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গ্রহাণুর পৃষ্ঠ থেকে সরাসরি ছবি সংগ্রহ করা। এটি বিজ্ঞানের জন্য অত্যন্ত রোমাঞ্চকর একটি মুহূর্ত হতে যাচ্ছে।’
পরিকল্পনা অনুযায়ী, গ্রহাণুটি পৃথিবী অতিক্রম করার প্রায় এক সপ্তাহ পর ল্যান্ডার অবতরণের প্রক্রিয়া শুরু হবে, যাতে এর কক্ষপথে কোনো প্রভাব না পড়ে। এরপর প্রায় ৪০০ মিটার উচ্চতা থেকে ল্যান্ডারগুলো গ্রহাণুর দিকে পাঠানো হবে।
ভবিষ্যতে কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তাহলে সেটির গঠন ও ভর সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রতিরক্ষা কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএ/এমআর


