জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। ‘গেস্ট চ্যাটস’ নামে এই সুবিধাটি ব্যবহারকারীদের যোগাযোগকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই আনা হচ্ছে।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী একটি বিশেষ লিঙ্ক তৈরি করতে পারবেন, যা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে। লিঙ্কে ক্লিক করলেই সেই ব্যক্তি সরাসরি চ্যাটে যুক্ত হতে পারবেন। এতে করে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তির সঙ্গেও সহজে যোগাযোগ করা যাবে।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই ফিচারে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গেস্ট চ্যাটেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকবে। প্রতিটি অতিথির জন্য আলাদা একটি আইডি তৈরি করা হবে, যা এনক্রিপশনের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখবে।
তবে এই ফিচারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। গেস্ট চ্যাটে গ্রুপ চ্যাট, ছবি বা ভিডিও শেয়ার, ডকুমেন্ট পাঠানো, স্টিকার, জিআইএফ, ভয়েস মেসেজ কিংবা কল করার সুযোগ থাকবে না। এটি মূলত টেক্সটভিত্তিক যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে।
চ্যাট লিঙ্কটি এসএমএস, ই-মেইল বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করা যাবে। প্রয়োজনে অতিথি ব্যবহারকারীকে ব্লক করার সুবিধাও থাকবে। এছাড়া ১০ দিন কোনো কার্যক্রম না থাকলে চ্যাটটি স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে এবং নতুন করে লিঙ্ক তৈরি করতে হবে।
এদিকে শিশু ও কিশোরদের জন্য আলাদা একটি সংস্করণ চালুর পরিকল্পনাও করছে হোয়াটসঅ্যাপ, যেখানে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার সীমিত রাখা হবে, যাতে তারা নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা পায়।
সিএ/এমআর


