বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিশেষ এই মডেলটি বাজারজাতের মাত্র তিন মাসের মাথায় বিক্রি স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ নামে পরিচিত এই ডিভাইসটির বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে সম্প্রতি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি স্যামসাং। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমের পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির কাছে প্রতিক্রিয়া চাওয়া হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি উন্মুক্ত করা হয়। তবে সীমিত পরিসরে বিক্রি হওয়ায় এটি সহজে পাওয়া যাচ্ছিল না। প্রায় তিন হাজার ডলার মূল্যের এই ফোনটি মূলত প্রিমিয়াম শ্রেণির ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই এই মডেলটি ব্যাপক উৎপাদনের জন্য তৈরি করা হয়নি। প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে সীমিত সংখ্যক ইউনিট বিক্রি করেছে, যা প্রতিবারই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। প্রথম দুই দফায় প্রায় তিন হাজার ইউনিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাইফোল্ড ফোনটি মূলত প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছিল, বাণিজ্যিকভাবে লাভজনক পণ্য হিসেবে নয়। ডিভাইসটি তুলনামূলকভাবে মজবুত হলেও বৃহৎ পরিসরে উৎপাদনের উপযোগী ছিল না।
এ ছাড়া ডির্যাম ও ন্যান্ড ফ্ল্যাশসহ বিভিন্ন যন্ত্রাংশের উচ্চমূল্যের কারণে এ ধরনের ডিভাইসে লাভের পরিমাণ সীমিত থাকে। ফলে উৎপাদন ও বাজারজাতকরণ দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় পুরোনো ফোনের বাজারে এই ডিভাইসটির চাহিদা বাড়তে দেখা গেছে। সেখানে সাময়িকভাবে ফোনটি খুচরা মূল্যের প্রায় তিন গুণ দামে বিক্রি হয়েছে বলে জানা যায়।
এর আগে ২০১৯ সালে প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আনতে গিয়ে নানা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল স্যামসাং, যখন পরীক্ষামূলক ব্যবহারে কিছু ডিভাইস দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে।
সিএ/এমআর


