ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন ঠিকভাবে কাজ করছিল না এবং শব্দের মানও সন্তোষজনক ছিল না।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম বিষয়টি নিয়ে অধিবেশন চলাকালেই অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, সংসদ সদস্যদের দেওয়া হেডফোনের মান প্রত্যাশার তুলনায় অনেক কম, ফলে বক্তব্য শোনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অডিও ব্র্যান্ড Shure–এর তৈরি। বিশ্বজুড়ে মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও বিভিন্ন ধরনের পেশাদার অডিও ডিভাইস তৈরির জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত। সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হয়েছে Shure–এর SRH240A মডেলের হেডফোন।
Shure–এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, এই সিরিজে আরও কয়েকটি মডেলের হেডফোন রয়েছে। তবে SRH240A মডেলটি তুলনামূলক কম দামের হিসেবে বিবেচিত। ই–কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের তথ্য অনুযায়ী, এই মডেলের হেডফোনের দাম ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকার সমান।
একই ব্র্যান্ডের অন্য কিছু মডেলের দাম তুলনামূলক অনেক বেশি। যেমন AONIC 50 Gen 2 মডেলের দাম প্রায় ৩৮৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। SRH840A মডেলের দাম প্রায় ১৬৯ ডলার বা প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা।
এ ছাড়া SRH440A মডেলের হেডফোনের দাম প্রায় ১০৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। SRH1540 মডেলের দাম প্রায় ৫০০ ডলার বা প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা এবং SRH1840 মডেলের দাম প্রায় ৫৪৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকার কাছাকাছি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যারিস্টার আরমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।
তিনি আরও লেখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে, তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সদস্যদের বিভিন্ন ভাষণ ও বক্তব্য স্পষ্টভাবে শোনার সুবিধার জন্য নির্দিষ্ট হেডফোন ব্যবহার করা হয়।
সিএ/এমআর


