দেশের স্মার্টফোন বাজারে শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সুবিধাসহ নতুন দুটি মডেল উন্মোচন করেছে টেকনো বাংলাদেশ। নতুন এই ফোন দুটি হলো ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি। উভয় মডেলেই ৪৫ ওয়াট সুপার চার্জ প্রযুক্তি থাকায় অল্প সময়ে দ্রুত চার্জ নেওয়ার সুবিধা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্যামন ৫০ সিরিজে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১ দশমিক ৫কে ডিসপ্লে, যেখানে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সংযোজন করা হয়েছে। কম আলোতেও মানসম্মত ছবি তোলার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে টেকনো।
৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনে যুক্ত করা হয়েছে টেকনো এআই স্যুইট। এর মাধ্যমে ব্যবহারকারী এলা অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ টু ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টারের মতো ফিচার ব্যবহার করতে পারবেন। ফোনটি ৮ জিবি র্যামের সঙ্গে ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভ্যাট ছাড়া এর দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৪৯৯ টাকা।
অন্যদিকে পোভা কার্ভ ২ ফাইভজি মডেলে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ৬ দশমিক ৭৮ ইঞ্চি ডিসপ্লের এই ফোনেও রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। সামনে ১৩ মেগাপিক্সেল ও পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে এআই নয়েজ ক্যানসেলেশন সুবিধা।
পোভা কার্ভ ২ ফাইভজি মডেলের ভ্যাট ছাড়া দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।
সিএ/এমআর


