প্রযুক্তিনির্ভর বিশ্বে দ্রুত পরিবর্তনশীল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং : প্রযুক্তিগত পরিবর্তন ও ভবিষ্যতের প্রস্তুতি শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আইএসইউ আইটি ক্লাব। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সেমিনারে প্রধান বক্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও টেক ইনফ্লুয়েন্সার সুমিত সাহা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য শুধু কোডিং জানা যথেষ্ট নয়; বরং এআই টুলস ব্যবহারে দক্ষতা, সমন্বিত চিন্তাভাবনা এবং উদ্ভাবনী সক্ষমতা অর্জন অপরিহার্য।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান কাঠামোতে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে এই পরিবর্তন আরও গভীর হবে। তাই শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি শেখা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, শিক্ষক হাসিবুল ইসলাম পিয়াল, মেখলা মরিয়মসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আইটি ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।
সেমিনারে আলোচকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়ক হবে। আইএসইউ আইটি ক্লাবের নেতারা জানান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
সিএ/এমআর


