গাড়িতে ব্যবহারযোগ্য সফটওয়্যার কারপ্লেতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এর ফলে গাড়ি চালানোর সময় আইফোন ব্যবহারকারীরা কণ্ঠের মাধ্যমে সরাসরি চ্যাটবটের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। সম্প্রতি প্রকাশিত কারপ্লে ডেভেলপার গাইডে এই নতুন ফিচারের তথ্য যুক্ত করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন iOS 26.4 আপডেটে কারপ্লেতে তৃতীয় পক্ষের এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ থাকবে। এর মধ্যে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জনপ্রিয় এআই সেবাও অন্তর্ভুক্ত হতে পারে। তবে এসব চ্যাটবট ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট অ্যাপগুলোকে আলাদাভাবে কারপ্লে সমর্থন যুক্ত করে আপডেট করতে হবে।
অ্যাপলের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের কারপ্লের ইন্টারফেস থেকেই চ্যাটবট চালু করে কথোপকথন শুরু করতে হবে। ওয়েক ওয়ার্ড ব্যবহার করে সরাসরি চ্যাটবট চালু করার সুযোগ থাকছে না। পাশাপাশি চ্যাটবটের মাধ্যমে গাড়ি বা আইফোনের কোনো সেটিংস পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা যাবে না। এটি কেবল তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
iOS 26.4 সংস্করণে এ ছাড়া আরও কয়েকটি নতুন ফিচার যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে এআই সহায়তায় অ্যাপল মিউজিকে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি, পডকাস্টে ভিডিও প্লেব্যাক সুবিধা এবং আরসিএস বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
সিএ/এমআর


