কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন তিনটি ওয়্যারেবল ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে Apple। এসব ডিভাইসের মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরা সংবলিত এয়ারপডস। Bloomberg–এর প্রযুক্তি বিষয়ক সাংবাদিক Mark Gurman–এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে এবং সেগুলো iPhone–এর সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। এর ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে Siri বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।
অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই চশমা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Meta–এর স্মার্ট গ্লাস লাইনের সঙ্গে।
বর্তমানে মেটা Ray-Ban–এর সঙ্গে অংশীদারিত্বে স্মার্ট চশমা তৈরি করছে। তবে অ্যাপল নিজস্ব নকশায় ফ্রেম তৈরি করতে চায়। উন্নত নির্মাণশৈলী ও উচ্চমানের ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে বাজারে আলাদা পরিচিতি গড়াই তাদের লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের স্মার্ট চশমায় বিল্ট-ইন ডিসপ্লে থাকবে না। তবে এতে স্পিকার, মাইক্রোফোন এবং উচ্চ রেজোলিউশনের ক্যামেরা যুক্ত থাকতে পারে। ব্যবহারকারীরা ফোন কল করা, সিরির সঙ্গে কথা বলা এবং গান শোনার সুবিধা পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে চশমাটি বিভিন্ন তথ্য সরবরাহ করতে পারবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো খাবারের উপাদান জানতে চাইলে তা জানানো, দিকনির্দেশনার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করা কিংবা নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেওয়ার সক্ষমতা থাকবে এতে।
প্রাথমিক প্রোটোটাইপে চশমাটি ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরাসরি ফ্রেমের ভেতরেই সংযুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া এআই–চালিত পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও কাজ করছে অ্যাপল। এসব ডিভাইসও আইফোনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ব্যবহারকারীর চারপাশের ভিজ্যুয়াল কনটেক্সট বিশ্লেষণ করে সিরি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
প্রযুক্তি খাতে এআই–নির্ভর ওয়্যারেবল ডিভাইসের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতেই অ্যাপলের এই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিএ/এমআর


