মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যা সম্প্রতি হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে। হাবলের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে ‘এগ নেবুলা’ বা ডিম্বাকার নীহারিকার কেন্দ্রে থাকা একটি তারা তার শেষ মুহূর্তের তেজ ও সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে।
পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকাটির মাঝখানে থাকা তারাটি ঘন গ্যাস ও ধুলিকণার আচ্ছাদনে ঢাকা। হাবলের ছবিতে দেখা যাচ্ছে, কেন্দ্রে থাকা তারার চারটি আলোর রশ্মি যেন এই ঘন ‘খোসা’ ভেদ করে বেরিয়ে আসছে। নীহারিকার দুই পাশে প্রচণ্ড গতিতে তপ্ত আণবিক হাইড্রোজেনের ধারা বয়ে যাচ্ছে। ছবিতে যে কমলা আভা দেখা যাচ্ছে, তা ইনফ্রারেড বা অবলোহিত আলোর বিচ্ছুরণ।
তারা থেকে নির্গত আলোর রশ্মি আশপাশের গ্যাসের বৃত্তাকার বলয়গুলো আলোকিত করছে। গ্যাসের ঢেউয়ের মতো বিন্যাস থেকে বোঝা যাচ্ছে, তারাটি কয়েকশ বছর অন্তর অন্তর ছোট বিস্ফোরণের মধ্য দিয়ে নতুন করে গ্যাস ও ধুলিকণা ছড়িয়ে দিয়েছে।
‘সিগনাস’ তারামণ্ডলে অবস্থিত এই ‘এগ নেবুলা’ ১৯৭৫ সালে প্রথম আবিষ্কৃত হয়। গ্রহ তৈরির পূর্ববর্তী প্রি-প্ল্যানেটারি পর্যায়ের নীহারিকা মহাকাশে বিরল। হাবলের নতুন ছবি আগের ছবির সঙ্গে তুলনা করে এর ভেতরে ঘটে যাওয়া জটিল প্রক্রিয়া বোঝার সুযোগ দিয়েছে।
সিএ/এমআর


