আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এছাড়া অবস্থান সংক্রান্ত গোপনীয়তা বাড়ানো, ওয়ালপেপার ব্যবস্থাপনায় পরিবর্তন আনা এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতা সমাধান করা হয়েছে।
আইওএস ২৬.৩–এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘অ্যান্ড্রয়েড ট্রান্সফার’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছবি, বার্তা, নোট, অ্যাপসহ নানা তথ্য স্থানান্তর করতে পারবেন। তবে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, ব্লুটুথ ডিভাইসের তালিকা ও লক করা নোট স্থানান্তর হবে না। অ্যাপল ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি তৈরি হয়েছে।
অন্য একটি নতুন সুবিধা হলো ‘লিমিট লোকেশন ডেটা শেয়ারিং’। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে অতিরিক্ত তথ্য ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র আশপাশের এলাকা পর্যন্ত অবস্থান নির্ধারণ সম্ভব হবে। জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের নির্দিষ্ট অপারেটর এই সুবিধা সমর্থন করবে।
ইউরোপের ব্যবহারকারীদের জন্য আরও কিছু পরিবর্তন যোগ করা হয়েছে। তৃতীয় পক্ষের ডিভাইসের সঙ্গে এয়ারপডসের মতো কাছাকাছি সংযোগ স্থাপন এবং দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগের সুবিধা যুক্ত হয়েছে। এছাড়া ওয়ালপেপার মেনুতে ‘ওয়েদার’ ও ‘অ্যাস্ট্রোনমি’ আলাদা বিভাগে ভাগ করা হয়েছে এবং বাস্তব সময়ের আবহাওয়ার সঙ্গে মিল রেখে নতুন ওয়ালপেপার যোগ করা হয়েছে।
আইওএস ২৬.৩–তে ৩৫টির বেশি নিরাপত্তা দুর্বলতা সমাধান করা হয়েছে। এর মধ্যে অন্তত একটি ত্রুটি বাস্তবে সাইবার আক্রমণে ব্যবহৃত হয়েছিল। ব্যবহারকারীরা সেটিংস অ্যাপে গিয়ে সফটওয়্যার আপডেট থেকে নতুন সংস্করণ ইনস্টল করতে পারবেন।
সিএ/এমআর


